বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও দুর্দান্ত মেজাজে সঞ্চালনা করে যাচ্ছেন জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম সিজন। তবে রিয়্যালিটি শোটির সাম্প্রতিক পর্বের শুটিং চলাকালে এক অপ্রীতিকর দুর্ঘটনার শিকার হয়েছেন প্রবীণ এই মেগাস্টার। সেটেই পা পিছলে পড়ে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি।

সাধারণত ‘কেবিসি’র প্রতিটি পর্বের শুরুতে অমিতাভ বচ্চন সেটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তাঁর সূচনা বক্তব্য (মনোলোগ) পেশ করে থাকেন। তবে বুধবারের পর্বে দেখা যায়, তিনি দাঁড়িয়ে থাকার বদলে চেয়ারে বসে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি খোলাসা করে বিগ বি নিজেই ভক্তদের জানান, গতদিনের শুটিংয়ে সেটেই অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি। দাঁড়াতে কিছুটা কষ্ট হওয়াতেই তিনি বসে কথা বলছেন।

তবে প্রিয় তারকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তদের আশ্বস্ত করে ৮৩ বছর বয়সী এই অভিনয়শিল্পী জানান, চোট খুব একটা গুরুতর নয় এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। শারীরিক চোট বা বয়সের বাধা সত্ত্বেও শোর প্রতি তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব আবারও মুগ্ধ করেছে দর্শক ও অনুরাগী মহলকে।