বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়েন তার কোটি ভক্ত-অনুরাগী। তবে পরে জানা যায়, বিষয়টি ছিল গুজব।

ভারতীয় বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানির একটি পোস্ট ঘিরে এই আলোচনা শুরু হয়। সেখানে দাবি করা হয়েছিল, পেটের সমস্যার কারণে হাসপাতালে গেছেন অমিতাভ এবং ছেলে অভিষেক বচ্চনও তাকে দেখতে সেখানে পৌঁছেছেন। এরপর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা জল্পনা।

তবে পরে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি। গত শনিবার তিনি মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন শুধুমাত্র নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের অনুমতি নিয়ে সেদিনই বাড়ি ফিরে যান তিনি।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, এটি ছিল নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে ভর্তি থাকার কোনো ঘটনা ঘটেনি।

এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে আরও একটি কারণে। কারণ রোববারও মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায় অমিতাভকে। এমনকি পরে তাকে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থানে যেতেও দেখা গেছে। ফলে হাসপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, তা স্পষ্ট হয়ে ওঠে।

এরই মধ্যে বুধবার (২০ মে) ভোরে নিজের ব্লগে পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেন অমিতাভ বচ্চন। বরাবরের মতো রসিকতা মিশিয়েই তিনি লেখেন, “যখন ঈগল চুপ থাকে, তখন টিয়া পাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।”

একই পোস্টে ঘুম নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অভিনেতা। তার ভাষায়, চিকিৎসাবিজ্ঞান অন্তত সাত ঘণ্টা ঘুমের পরামর্শ দিলেও কাজের ব্যস্ততায় তা সবসময় সম্ভব হয় না। ঘুম না এলে গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত শুনে সময় কাটান বলেও জানান তিনি।

অমিতাভের এই পোস্টের পর স্বস্তি প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, গুজবের মধ্যেও নিজের স্বভাবসুলভ রসবোধ ধরে রেখে অমিতাভ বুঝিয়ে দিয়েছেন  তিনি আগের মতোই প্রাণবন্ত ও স্বাভাবিক আছেন।