দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুনের জন্মদিনে উন্মোচিত হলো তাঁর পরবর্তী সিনেমার নাম ও প্রথম লুক। পরিচালক অ্যাটলির সঙ্গে অর্জুনের এই বিগ-বাজেট প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘রাকা’ (Raaka)। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স ছবিটির টাইটেল পোস্টার প্রকাশ করে। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। পোস্টারে আল্লু অর্জুনকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে- মাথা ন্যাড়া, চোখে গাঢ় কাজল এবং কপালে ভাইকিং স্টাইলের ট্যাটু। তাঁর হাতে রয়েছে পশুর নখের মতো ধারালো ক্লো (Claw), যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটি নিয়ে শুরু থেকেই অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন নির্মাতারা। মঙ্গলবার একটি রহস্যময় টিজারের মাধ্যমে তারা ছবিটির ঘোষণা দিয়েছিলেন, যা এতদিন ‘AA22’ নামে পরিচিত ছিল। গত বছর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল, প্রযোজক কালানিধি মারান, আল্লু অর্জুন এবং অ্যাটলি লস অ্যাঞ্জেলেসে গিয়ে ‘আয়রন ম্যান ২’ ও ‘ট্রান্সফর্মারস’-এর মতো বিশ্বখ্যাত সিনেমার ভিএফএক্স টিমের সঙ্গে বৈঠক করেছেন। এই ছবির ভিএফএক্স সুপারভাইজররা চিত্রনাট্যটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। এমনকি অভিনেতা রণবীর সিংও এই সিনেমার সেট পরিদর্শন করে জানিয়েছেন যে, অ্যাটলি এবং অর্জুন মিলে এমন কিছু তৈরি করছেন যা আগে কখনো দেখা যায়নি।

ভিজুয়াল ইফেক্টস এবং স্টাইলিশ অ্যাকশনের মিশেলে নির্মিতব্য এই চলচ্চিত্রটি কেবল ভারতেই নয়, বৈশ্বিক স্তরেও বড় ধরনের আলোড়ন তুলবে বলে ধারণা করা হচ্ছে। পোস্টারে অর্জুনের এই ‘চোখ ধাঁধানো’ অবতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। সবকিছু ঠিক থাকলে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই হাই-ভোল্টেজ সিনেমাটি ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।