পর্দায় তাঁদের রসায়ন কখনও দর্শকদের হাসিয়েছে, কখনও ভাসিয়েছে চোখের জলে। ‘দেনা পাওনা’ ধারাবাহিকের সেই জনপ্রিয় ‘খায়রুল-নীপা’ জুটি অর্থাৎ অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া আবারও একসঙ্গে ফিরছেন। গত মাসেই তাঁদের আগের ধারাবাহিকটি শেষ হওয়ায় মন ভেঙেছিল ভক্তদের। তবে দর্শকদের সেই ভালোবাসার টানেই এবার ‘চেনা অচেনা’ নামের নতুন একটি মিনি সিরিজে জুটি বেঁধেছেন তাঁরা।

জুটি নিয়ে দর্শকদের উম্মাদনা তাবাচ্ছুম ছোঁয়া জানান, ‘দেনা পাওনা’ শেষ হওয়ার পর থেকেই দর্শকদের অসংখ্য অনুরোধ পাচ্ছিলেন তাঁরা। এমনকি রাস্তাঘাটে সাধারণ মানুষ তাঁকে এখনও ‘খায়রুলের বউ’ বলে ডাকেন। ছোঁয়ার কথায়, “সবাই আমাদের একসঙ্গে দেখতে চান, এমনকি নাটকের শেষটা নিয়ে অনেকের মনে আক্ষেপ ছিল। সেই ভালোবাসার কারণেই আমাদের এই নতুন যাত্রা।” অন্যদিকে, অ্যালেন শুভ্র মনে করেন, অতিরিক্ত কিছু না করে কেবল গল্পের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণেই দর্শকেরা তাঁদের এতোটা গ্রহণ করেছেন।

প্রেমের গুঞ্জন ও পারিবারিক রসিকতা এই জুটির জনপ্রিয়তা এতটাই যে, বাস্তবেও তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এক সাক্ষাৎকারে ছোঁয়া মজার ছলে জানিয়েছিলেন, তাঁর মা-ও তাঁদের পর্দার রসায়ন দেখে বলেছিলেন, “খায়রুলকে (অ্যালেন শুভ্র) বিয়ে করতে পারিস।” এই প্রসঙ্গে অ্যালেন শুভ্র লাজুক হেসে জানান, ছোঁয়ার মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে, তবে বাস্তব জীবনের গুঞ্জন নিয়ে তিনি এখনই মুখ খুলতে নারাজ।

ভিক্ষুক ও চঞ্চল তরুণীর বিচিত্র গল্প নতুন সিরিজ ‘চেনা অচেনা’-তে একেবারেই ভিন্ন অবতারে দেখা যাবে এই জুটিকে। তাবাচ্ছুম ছোঁয়া থাকছেন অত্যন্ত চঞ্চল একটি চরিত্রে, আর অ্যালেন শুভ্রকে দেখা যাবে রাস্তার ভিক্ষুকের ভূমিকায়। একটি বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া এই মিনি সিরিজের প্রথম পর্ব গত বুধবার ‘সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট’-এ মুক্তি পেয়েছে। মোস্তফা কামাল রাজের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন ওমর ফারুক। নাটকটিতে আরও রয়েছেন দিলারা জামান, এজাজুল ইসলাম ও শিল্পী সরকার অপুর মতো গুণী অভিনয়শিল্পীরা।