সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বয়স ষাটের কাছাকাছি হলেও পোশাকে আগুন জ্বালিয়ে তার দুঃসাহসিক পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। তারকাখচিত এই আয়োজনে বলিউডের কয়েকজন শিল্পীর সঙ্গে পারফর্ম করেন অক্ষয়। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। এ সময় নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ নিয়েও স্টান্ট করতে দেখা যায় তাকে। পোশাকে আগুন জ্বলতে থাকলেও স্বাভাবিকভাবে পারফরম্যান্স চালিয়ে যান অক্ষয়।

তার এমন দুঃসাহসিক স্টান্ট দেখে সামাজিক মাধ্যমে প্রশংসায় মেতেছেন ভক্তরা। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আগুন নিয়ে বিপজ্জনক স্টান্ট করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

অ্যাকশনধর্মী সিনেমায় নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এ ক্ষেত্রে সাধারণত বডি ডাবলের সাহায্য নেন না তিনি। এক সাক্ষাৎকারে স্টান্টের ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে স্টান্ট করার সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকত না। তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছিল সীমিত। ফলে অনেক বিপজ্জনক দৃশ্য বাস্তবেই করতে হতো।