বলিউড অভিনেতা Akshay Kumar আবারও মানবিক উদ্যোগের জন্য প্রশংসিত হচ্ছেন। এবার কাশ্মীরের এক প্রত্যন্ত সীমান্তবর্তী সরকারি স্কুলের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার নেরো তুলাইল গ্রামের একটি সরকারি স্কুলে তার এই অনুদানে নির্মিত হয়েছে আধুনিক নতুন ভবন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা স্কুলটি এখন নতুন রূপ পেয়েছে।

জানা গেছে, ২০২১ সালে সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ-এর আমন্ত্রণে কাশ্মীর সফরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেই সময় তিনি উত্তর কাশ্মীরের প্রত্যন্ত নীরু গ্রাম পরিদর্শনে যান এবং স্কুলটির বেহাল অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রচণ্ড ঠান্ডার মধ্যেও শিক্ষার্থীরা ভাঙাচোরা শ্রেণিকক্ষে কষ্ট করে পড়াশোনা করছিল। সেই দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে স্কুলটির উন্নয়নে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

পাঁচ বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেয়েছে। নতুন ভবনে এখন আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস সুবিধা যুক্ত হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ প্রকল্পের রান্নাঘর ও খাবার পরিবেশনের ব্যবস্থাও উন্নত করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক ও মানবিক নানা উদ্যোগে আগেও একাধিকবার প্রশংসিত হয়েছেন Akshay Kumar। এবারও তার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।