দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে থাকলেও খবরের শিরোনাম থেকে কখনওই পুরোপুরি আড়ালে যান না ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার ভাইরাল হয়েছে তাঁর একটি পুরোনো ভিডিও, যা কয়েক বছর আগের একটি টেলিভিশন অনুষ্ঠানের।

ফারুখ শেখের জনপ্রিয় শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা চন্দ্রচূড় সিং। দর্শকরা তাঁকে বরাবরই একজন দক্ষ অভিনেত্রী হিসেবে চেনেন, তবে খুব কম মানুষই জানেন যে গান গাওয়াতেও তিনি বেশ পারদর্শী।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোশ’-এ ঐশ্বরিয়া ও চন্দ্রচূড় একসঙ্গে কাজ করেছিলেন। অনুষ্ঠানে ফারুখ শেখ চন্দ্রচূড়কে সেই ছবির শুটিং সেট থেকে কোনও মজার অভিজ্ঞতা শেয়ার করতে বলেন। তখনই অভিনেতা জানিয়ে দেন, ঐশ্বরিয়া নাকি দারুণ গান করেন। তাঁর কথায়, অনেকেই হয়তো জানেন না, কিন্তু ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা।

যদিও নিজেকে গায়িকা হিসেবে মানতে চাননি ঐশ্বরিয়া। বরং তিনি পাল্টা বলেন, চন্দ্রচূড়ও খুব ভালো গান গাইতে পারেন। এরপর ফারুখ দু’জনকেই একসঙ্গে গান গাওয়ার অনুরোধ জানান। প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হন ঐশ্বরিয়া। তিনি গাইতে শুরু করেন ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’। গান শুরু হতেই পুরো সেটে নেমে আসে নিস্তব্ধতা। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শোনেন তাঁর কণ্ঠ। পরে চন্দ্রচূড়ও তাঁর সঙ্গে গলা মেলান, যা দর্শকদের আরও চমকে দেয়।

উল্লেখ্য, মনসুর খান পরিচালিত ‘জোশ’ ছবিতে ঐশ্বরিয়া ও চন্দ্রচূড় ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ ছিলেন ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায়, আর চন্দ্রচূড় অভিনয় করেছিলেন তাঁর প্রেমিক চরিত্রে।