স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া। রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা এই মামলায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, ইকরার আকস্মিক মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী এবং আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন ইকরার বাবা কবির হায়াত খান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত দুই বছর ধরে ইকরার ওপর নানাভাবে অবহেলা ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। এই ধারাবাহিক নির্যাতন এবং আসামিদের প্ররোচনার কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।