বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের এই রিমেক নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা বাসু চ্যাটার্জি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে দেখা যাবে আরিয়ান সারোয়ারকে এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন।

রিমেক নির্মাণ প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন, জনপ্রিয় একটি চলচ্চিত্র নতুনভাবে নির্মাণ করা সবসময়ই বড় চ্যালেঞ্জের। বর্তমান প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকরাই এর মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরীসহ অনেকে।

এটি আরিয়ান সারোয়ারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এ বিষয়ে তিনি বলেন, শুটিংয়ের আগে একাধিকবার ‘হঠাৎ বৃষ্টি’ দেখেছেন এবং ফেরদৌসের অভিনয় পর্যবেক্ষণ করেছেন। তবে অনুকরণ না করে নিজের অভিনয়শৈলী ও পরিচালকের নির্দেশনা অনুসরণ করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ক্যারিয়ারের শুরুতেই এমন একটি জনপ্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। মূল সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস। আর ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।