বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করবেন তিনি। তবে তার এই বিয়ের আয়োজন হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে পরিবার ও বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সবচেয়ে আলোচনায় এসেছে অতিথি তালিকা। সেখানে রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তার তিন সন্তান এবং বোনদের পরিবারের সদস্যরা। পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বলিউডের নির্মাতা আশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ অভিনেতার ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মীর।
অন্যদিকে, বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভারতীয় কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।
জানা গেছে, দুপুরের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ মধ্যাহ্নভোজ। হবু দম্পতির পছন্দ অনুযায়ী বিভিন্ন খাবার দিয়ে মেনু সাজানো হলেও, কী কী পদ রাখা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের প্রেমের পর এবার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছেন এই বলিউড তারকা।