বলিউডে এখন রাজকীয় বিয়ের চেয়ে ছিমছাম আর ঘরোয়া আয়োজনের চলটাই বেশি দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আগামীকাল ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন এই অভিনেতা। তবে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব নয়, একেবারেই আপনজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তাঁরা।
গত বৃহস্পতিবার নিজের নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় এসে সাংবাদিকদের কাছে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই তারকা। আমির খান বলেন, “৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা সুখে থাকতে
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমিরের এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা খুবই সীমিত মাত্র ১০০ থেকে ১৫০ জন। অতিথির তালিকায় দুই পরিবারের সদস্য ছাড়াও স্থান পেয়েছেন আমিরের সন্তানরা এবং চলচ্চিত্র অঙ্গনে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী, যার মধ্যে রয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানি।
বিয়ের অনুষ্ঠানের আরেকটি বিশেষ দিক হলো এর খাবারের মেনু। অতিথিদের আপ্যায়নে কোনো নামী ক্যাটারিং সার্ভিসের ওপর ভরসা না করে আমির ও গৌরী দুজনে মিলে নিজেদের পছন্দের খাবারগুলো মেনুতে রাখছেন এবং খাবার তৈরির পুরো প্রস্তুতি নিজেরা তদারকি করছেন। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।
উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান জুনায়েদ ও ইরা খান রয়েছেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে, যেখানে তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান রয়েছে। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরও অবশ্য তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এবার সব জল্পনা কাটিয়ে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার।