হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান–এর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যার ফলে তাঁর শারীরিক জটিলতা বেড়েছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবকিছু অনুকূলে থাকলে আজ বুধবার তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করার প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই শুটিং ও অন্যান্য ব্যস্ততা স্থগিত রেখে হাসপাতালে ছুটে যান সলমন খান। তাঁর সঙ্গে খান পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী। মঙ্গলবার রাতে সেলিম খানকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং তাঁর দীর্ঘদিনের সহকর্মী, লেখক জাভেদ আখতার।
পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন আশাই করছেন তাঁর স্বজনেরা।
এদিকে সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বলিউডের বহু তারকা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তা পাঠাচ্ছেন।
উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তাঁর ‘সেলিম-জাভেদ’ জুটি একসময় বলিউডে নতুন ধারার সূচনা করেছিল। তাঁদের কলম থেকে এসেছে জঞ্জির, দিওয়ার এবং ডন এর মতো কালজয়ী ছবি। পাশাপাশি এককভাবে তিনি নাম, কব্জা ও জুর্ম এর মতো সিনেমার চিত্রনাট্য লিখে প্রশংসা কুড়িয়েছেন।