সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জয়ের পর নতুন অবতারে পর্দায় ফিরছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বুধবার প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার। বালাজি মোহনের পরিচালনায় নির্মিত এই হরর মিস্ট্রি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। ভৌতিক আবহের পাশাপাশি সিনেমাটিতে থাকছে পারিবারিক বিনোদন, হাস্যরস, আবেগ ও নানা চমক।
ট্রেলারের শুরুতেই নতুন বউয়ের সাজে বাড়িতে প্রবেশ করতে দেখা যায় ইয়ামিকে। শ্বশুরবাড়ির সদস্যরা তাকে স্বাগত জানালেও কিছু সময় পর পরিবারের কয়েকজনের মনে সন্দেহ তৈরি হয়। তাদের ধারণা, নতুন বউ হয়তো সাধারণ কেউ নন, তিনি একজন ‘ডায়ান’ বা ডাইনী।
সিনেমায় মোহিনী চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। তিনি আওয়াস্থি পরিবারের নতুন বউ। বিয়ের পর নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প দিয়েই শুরু হয় কাহিনি। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে। মোহিনীর আচরণ ও পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একই সঙ্গে সামনে আসে তাকে ঘিরে থাকা নানা রহস্য ও গোপন তথ্য।
ট্রেলারে মোহিনীকে কখনো পারিবারিক আবহে, কখনো হাস্যরসাত্মক পরিস্থিতিতে আবার কখনো রহস্যময় ও অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। ফলে সিনেমাটিকে শুধু ভৌতিক গল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে একাধিক ঘরানার মিশেলে তৈরি করা হয়েছে বলে ধারণা পাওয়া যায়।
‘নয়ি নাভেলি’তে ইয়ামি গৌতমের সঙ্গে অভিনয় করেছেন আদীনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশ্মিতা মুখার্জি ও প্রতীক পাচোরি।
মোহিনী চরিত্রে অভিনয়ের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ জানিয়ে এক বিবৃতিতে ইয়ামি বলেন, চরিত্রটি তাকে ভিন্ন ধরনের আবেগ এবং একাধিক ঘরানায় অভিনয়ের সুযোগ দিয়েছে। তার মতে, মোহিনী প্রথম দেখায় যেমন মনে হয়, চরিত্রটি আসলে তেমন নয়। তার মধ্যে যেমন উষ্ণতা ও পরিচিতির অনুভূতি রয়েছে, তেমনি রয়েছে ধীরে ধীরে উন্মোচিত হওয়া রহস্য।
ইয়ামির ভাষায়, ‘নয়ি নাভেলি’ তাকে এমন একটি চরিত্র তুলে ধরার সুযোগ দিয়েছে, যে পারিবারিক আবহ, হাস্যরস, আবেগ, ফ্যান্টাসি ও অ্যাকশনের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করে। তবে এসবের মধ্যেও চরিত্রটির মূল বৈশিষ্ট্য অটুট রয়েছে।
‘নয়ি নাভেলি’ পরিচালনা করেছেন বালাজি মোহন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। প্রযোজনায় রয়েছেন আনন্দ এল রাই ও হিমাংশু শর্মা। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘নয়ি নাভেলি’র। একই সময়ে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ও ‘জেলর ২’ মুক্তির পরিকল্পনাও রয়েছে। ফলে উৎসবের মৌসুমে একাধিক বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় নামবে ইয়ামি গৌতমের এই হরর মিস্ট্রি সিনেমা।