কানাডার পুলিশের পোশাকে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে। তাঁর এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন এই অভিনেতা? তবে বাস্তবে নয়, নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘ভায়োলেন্স’ নামের একটি অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যাবে জায়েদ খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। কানাডায় নির্মাণাধীন সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতিমধ্যে দেশটিতে টানা শুটিং চলছে।

সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো নায়ক এর আগে সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করেননি। সেই হিসেবে জায়েদ খানের নতুন এই চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। পুলিশের পোশাকে তাঁর লুকও দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী।

পরিকল্পনা অনুযায়ী, কানাডায় একটানা শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ করা হবে। এখন দেখার বিষয়, বড় পর্দায় কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে জায়েদ খান দর্শকদের কতটা চমকে দিতে পারেন।