ডিজনির বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন Moana ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ক্যাথরিন লাগা’আইয়া শুরু থেকেই প্রশংসায় ভাসছেন। ছবির সামগ্রিক মূল্যায়ন নিয়ে মতভেদ থাকলেও মোয়ানা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। ফলে অনেকের মনেই এখন প্রশ্ন, কে এই ক্যাথরিন লাগা’আইয়া এবং কীভাবে তিনি ডিজনির অন্যতম জনপ্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন?

এই চরিত্রের জন্য প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। ডিজনির অডিশনে অংশ নিয়েছিলেন প্রায় ৩২ হাজার তরুণী। সেখান থেকে সবাইকে পেছনে ফেলে মোয়ানা চরিত্রটি নিজের করে নেন ক্যাথরিন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, শুটিংয়ের সময় তিনি এখনো শিক্ষাজীবনে ছিলেন। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, ই-মেইলে পরীক্ষার কাজ ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন এবং পড়াশোনাও চালিয়ে গেছেন।

সামোয়ান বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় অভিনেত্রীর জন্য মোয়ানা চরিত্রটি শুধু একটি অভিনয়ের সুযোগ ছিল না, বরং ব্যক্তিগতভাবেও বিশেষ অর্থ বহন করত। ছোটবেলা থেকেই তিনি চরিত্রটির সঙ্গে নিজের জীবনের নানা মিল খুঁজে পেতেন। তাই পর্দায় মোয়ানাকে ফুটিয়ে তোলার দায়িত্ব শুরুতে তাঁর জন্য কিছুটা চাপের ছিল। তিনি ভাবতেন, দর্শকদের সামনে চরিত্রটির আবেগ ও পরিচয় কতটা স্বাভাবিকভাবে তুলে ধরতে পারবেন। তবে সময়ের সঙ্গে সহশিল্পী ডোয়েইন জনসন এবং ‘হ্যামিল্টন’-খ্যাত পরিচালক থমাস কাইলের সহযোগিতায় আত্মবিশ্বাস ফিরে পান এবং চরিত্রটিতে স্বচ্ছন্দ হয়ে ওঠেন।

২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড Moana দেখার স্মৃতিও ভাগ করে নিয়েছেন ক্যাথরিন। তাঁর ভাষায়, তখন প্রথমবার পর্দায় এমন একজন রাজকুমারীকে দেখেছিলেন, যাকে তাঁর নিজের মতো মনে হয়েছিল। শুধু মোয়ানা নয়, ছবির অন্যান্য চরিত্র এবং দ্বীপের পরিবেশও তাঁর কাছে খুব পরিচিত ও আপন মনে হয়েছিল। ছোটবেলা থেকে যে সংস্কৃতি, গল্প ও ঐতিহ্যের কথা শুনে বড় হয়েছেন, তা পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন।

Moana-এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ান মিনিসিরিজ The Lost Flowers of Alice Hart-এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন ক্যাথরিন লাগা’আইয়া। যদিও সেটিই ছিল তাঁর পেশাদার অভিনয়জীবনের প্রাথমিক ধাপ, অনেকের মতে মোয়ানা চরিত্রে তাঁর পারফরম্যান্সই তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিতে পারে। ইতোমধ্যে হলিউডের বিভিন্ন মহলে তাঁকে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে দেখা হচ্ছে। অনেক সমালোচক ও দর্শকের বিশ্বাস, এই তরুণ অভিনেত্রী খুব শিগগিরই হলিউডের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠতে পারেন।