অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন শবনম বুবলী। এবার নতুন এক পরিচয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো সিনেমার গানে প্লেব্যাক করবেন তিনি। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় কণ্ঠ দেবেন বুবলী। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।
সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তার কাছ থেকে সম্মতিও পাওয়া গেছে। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
বুবলীকে দিয়ে গান গাওয়ানোর ভাবনা প্রসঙ্গে পরিচালক জানান, সিনেমাটিতে বেশ কয়েকটি রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগায় তাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন তিনি। এর আগে নিজের ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে বলে মনে হয়েছে তার।
শুধু রিচুয়াল গান নয়, বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোরও পরিকল্পনা রয়েছে নির্মাতার। এ প্রস্তাবেও সম্মতি দিয়েছেন অভিনেত্রী। গান তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরে গানটির রেকর্ডিং হওয়ার কথা।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি। আরও রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
এদিকে, অভিনয়ের বাইরেও প্রযোজক হিসেবে ব্যস্ত সময় পার করছেন বুবলী। তার প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। তাহসিন রিফাতের চিত্রনাট্য ও মুরসালিন সরকারের পরিচালনায় নির্মিত ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে।
মাতৃত্বকালীন ছুটির আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হবে দ্বিতীয় লটের শুটিং। এর মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন অভিনেত্রী।