ভারতে ২৬ জুন মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাবহুল এই ছবিটি শুধু অভিনয়শিল্পীদের তালিকার জন্য নয়, বিশাল শুটিং আয়োজনের কারণেও আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক আহমেদ খান শুটিংয়ের নেপথ্যের নানা তথ্য তুলে ধরেছেন।
অমর উজালাকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ খান জানান, ছবিটিতে মোট ৩৪ জন অভিনেতা অভিনয় করেছেন। এর মধ্যে প্রায় ৩০ জনই বলিউডের পরিচিত মুখ। এত বড় তারকাবহুল দলকে একসঙ্গে নিয়ে কাজ করতে শুটিং শুরুর আগেই তিনি অফিসে একটি বড় বোর্ডে সবার ছবি টাঙিয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন, যাতে প্রতিদিনের শুটিং সূচি ও সমন্বয় সহজ হয়।
পরিচালকের ভাষ্য, পর্দায় দর্শক ৩৪টি চরিত্র দেখলেও ক্যামেরার পেছনের বাস্তবতা ছিল আরও বিশাল। প্রতিটি তারকার সঙ্গে ব্যক্তিগত সহকারী, মেকআপশিল্পী, হেয়ার স্টাইলিস্ট ও অন্যান্য স্টাফ মিলিয়ে গড়ে পাঁচজন করে থাকতেন। ফলে শুধু অভিনয়শিল্পীদের টিম থেকেই প্রতিদিন প্রায় ১৫০ জন উপস্থিত থাকতেন।
এর বাইরে ছিল ২০০ জনের বেশি মূল ইউনিট সদস্য, স্টান্ট টিম, অ্যাকশন শিল্পী, ঘোড়সওয়ার, ১৫০ থেকে ২০০ জন ব্যাকগ্রাউন্ড শিল্পী এবং বড় নৃত্যদল। সব মিলিয়ে কোনো কোনো দিন শুটিং সেটে মানুষের সংখ্যা প্রায় ৯০০ জনে পৌঁছায়।
এত বড় ইউনিট পরিচালনার জন্য পাশাপাশি দুটি বড় মাঠ ভাড়া নিতে হয়েছিল বলে জানান আহমেদ খান। কারণ, প্রতিদিন প্রায় ৫০টি ভ্যানিটি ভ্যান রাখার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড শিল্পীদের থাকার জায়গা, মেকআপ জোন, ইউনিট কেবিনসহ বিভিন্ন অবকাঠামোর ব্যবস্থা করতে হয়েছে।
শুধু সেট নয়, যাতায়াত ব্যবস্থাপনাও ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিদিন অভিনেতা, টেকনিশিয়ান, মেকআপশিল্পী, হেয়ার স্টাইলিস্ট ও ব্যক্তিগত স্টাফদের জন্য ২০০ থেকে ২৫০টি গাড়ি সেটে আসত। আহমেদ খানের ভাষায়, এত বড় শুটিং পরিচালনা করা অনেকটা প্রতিদিন একটি বিশাল কনসার্ট আয়োজনের মতো।
তিনি আরও জানান, এত তারকা থাকা সত্ত্বেও শুটিংয়ে কোনো ধরনের ‘ইগো’ সমস্যা তৈরি হয়নি। প্রচণ্ড গরম ও ব্যস্ত সময়সূচির মধ্যেও সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন এবং একে অন্যকে সহযোগিতা করেছেন। তাদের এই সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ে শুটিং শেষ করা সম্ভব হয়েছে।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত বড় আয়োজনের পরও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর নির্মাণ ব্যয় রাখা হয়েছে মাত্র ১১৫ কোটি রুপি। পরিচালকের মতে, ৩৪ জন তারকাকে নিয়ে এই বাজেটের মধ্যে পুরো প্রকল্প শেষ করাই ছিল সবচেয়ে বড় সাফল্য।
আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, আরশাদ ওয়ারসি, জনি লিভার, জ্যাকি শ্রফ, লারা দত্তসহ বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।