অভিনয়ের পর্দায় নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। এবার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হলেন তিনি। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে এই ভারতীয় অভিনেতার।
নিউ ইয়র্কের হিলটন মিডটাউনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন। অনুষ্ঠানের মূল সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা মাইকেল ইউরি। এবারের প্রতিযোগিতায় ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মোট ৬৪ জন।
বিজয় সেতুপতির পাশাপাশি উপস্থাপকের দায়িত্ব পালন করেন কনস্ট্যান্স জিমার, সেলিয়া ইমরি, জে ফ্যারো, গাস কেনওয়ার্দি, সোফি শার্লট, রবি জিকে ও ডেভিড জাসলাভের মতো তারকারা।
অনুষ্ঠানের লালগালিচায় বিজয়ের পোশাকও ছিল আলোচনায়। কালো ব্লেজারের সঙ্গে ডান কাঁধ ও বাঁ পাশের পকেটের কাছে সূক্ষ্ম সোনালি নকশা তার সাজে যোগ করেছিল ভিন্ন মাত্রা।
এবারের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের প্রতিযোগিতামূলক বিভাগেও ছিল ভারতের প্রতিনিধিত্ব। নেটফ্লিক্সের স্ট্যান্ড-আপ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন কৌতুকশিল্পী বীর দাস। তবে এবার পুরস্কার জেতা হয়নি তার। অন্যদিকে, নাটক ও ক্রীড়া তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল সোনিলিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’।
তবে পুরস্কারের প্রতিযোগিতার বাইরেও এবারের আয়োজনে বিজয় সেতুপতির উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিনেতা হিসেবে পরিচিত এই তারকার আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপক হিসেবে নতুন যাত্রা দর্শকদের নজর কেড়েছে।