‘কুশি’ ও ‘ভার্তা মহাসায়ুলাকু উইজ্ঞাপতি’-এর পর নির্মাতা শিবা নির্বাণ এবং তেলুগু তারকা রবি তেজার একটি ব্লকবাস্টার হিটের খুব প্রয়োজন ছিল। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁদের নতুন অ্যাকশন-ড্রামা ‘ইরুমুদি’ সে অভাব পূরণ করতে যাচ্ছে। বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সিনেমাটিতে রবি তেজার অভিনয় সর্বমহলে কুড়াচ্ছে প্রশংসা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিজয় দেবেরাকোন্ডা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সিনেমাটির আবহ ও গল্পের ভূয়সী প্রশংসা করেছেন বিজয়। তিনি লেখেন, তেলুগু প্রেক্ষাগৃহগুলোতে রবি তেজা আন্না ও তাঁর ‘কুশি’ পরিচালক শিবা নির্বাণ উৎসবের আবহ তৈরি করেছেন। ‘ইরুমুদি’ সিনেমাটির দুর্দান্ত গল্প ও এর ভেতরে লুকিয়ে থাকা বার্তা প্রতিজন দর্শকের দেখা উচিত বলেও অভিমত জানান তিনি। বিজয়ের এই আন্তরিক বার্তার জবাবে পরিচালক শিবা নির্বাণও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

‘ইরুমুদি’ সিনেমায় রবি তেজাকে দেখা গেছে ‘ত্রিনাধ’ নামের এক মদ্যপ বাবার চরিত্রে, যে তাঁর মেয়ে মণিকান্তার (নক্ষত্রা) জন্য অয়্যাপ্পা দীক্ষা গ্রহণ করে নিজের সব বদভ্যাস ত্যাগ করার চেষ্টা করে। কিন্তু গ্রামে হঠাৎ এক সংকট তৈরি হলে অহিংসার দীক্ষা রক্ষা করা ও গ্রামের নারীদের বাঁচানোর দ্বন্দ্বে পড়ে যায় চরিত্রটি।

অন্যদিকে, নিজের সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’ ও ‘কিংডম’-এর আশানুরূপ ফল না পেলেও বিজয় এখন নতুন উদ্যমে কাজ করছেন। বর্তমানে তিনি রবি কিরণ কোলার ‘রাউডি জনার্ধনা’ সিনেমার শুটিং করছেন, যেখানে তাঁর বিপরীতে আছেন কীর্তি সুরেশ। পাশাপাশি স্ত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে ‘রণবালি’ পিরিয়ড ড্রামাতেও দেখা যাবে তাঁকে।