৩৫তম জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ২২ নভেম্বর প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত নতুন থ্রিলার ‘কালিয়া’র ঘোষণা। ভারতীয় লোককথা ও পুরাণের দানবদের ঘিরে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। ধর্মা প্রোডাকশনস ও ডোপামিন স্টুডিওসের প্রযোজনায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৮ সালের ৫ মে।
সিনেমাটির রহস্যময় ঘোষণার ভিডিও প্রকাশ করেছেন প্রযোজক করণ জোহর। সেখানে তিনি লিখেছেন, ‘শ্রীকৃষ্ণ একে দূরে পাঠিয়েছিলেন। আর আমরা মানুষরাই একে ফিরিয়ে এনেছি।’ ভারতের বিভিন্ন অঞ্চলের লোককাহিনি ও প্রজন্ম ধরে প্রচলিত বিশ্বাসের উপাদান নিয়ে তৈরি হবে ‘কালিয়া’র কল্পজগৎ। দানবকেন্দ্রিক থ্রিলার নির্মাণের মাধ্যমে নতুন ঘরানায় পা রাখছে ধর্মা প্রোডাকশনস।
সিনেমাটি পরিচালনা করবেন সন্দীপ মোদি। ‘দ্য নাইট ম্যানেজার’ ও ‘আরিয়া’ সিরিজ পরিচালনার অভিজ্ঞতা থাকলেও বড় পর্দায় মুক্তির জন্য নির্মিত এটিই তাঁর প্রথম হিন্দি সিনেমা। প্রযোজক হিসেবে রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র, মারিজকে ডি সুজা ও কার্তিক আরিয়ান।
এদিকে সামনে আরও কয়েকটি সিনেমা রয়েছে কার্তিকের হাতে। ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে ফ্যান্টাসি কমেডি ‘নাগজিলা: নাগ লোক কা পেহলা কাণ্ড’। একই বছরের ৩০ এপ্রিল শ্রীলীলার সঙ্গে নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। কবির খান পরিচালিত ‘লড়াকু’ মুক্তির সম্ভাব্য তারিখ ১৮ জুন। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হবে কার্তিকের। এ ছাড়া শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’য় উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এক পাইলটের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তির কথা রয়েছে।