আজ থেকে ইতালিতে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকা এই উৎসবে এবার কমছে হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং জায়ান্টদের উপস্থিতি, যা বড় জায়গা করে দিচ্ছে স্বাধীন ও রাজনৈতিক সিনেমাগুলোকে। উৎসবটির শিল্প পরিচালক আলবের্তো বারবেরা এবারের আসরকে ভেনিসের সবচেয়ে ‘রাজনৈতিক আসর’ হিসেবে আখ্যা দিয়েছেন।
এবারের উৎসবে তুলে ধরা হচ্ছে বিশ্বরাজনীতি, ক্ষমতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও গাজার বর্তমান পরিস্থিতির নানা চালচিত্র। উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে ইসরায়েলি-ফিলিস্তিনি প্রযোজনা ‘নাজা’, যেখানে গাজায় প্রযুক্তিনির্ভর সামরিক কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ইলন মাস্কের জীবন নিয়ে তৈরি অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনির ৪ ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ এবং মিডিয়া মোগল রুপার্ট মারডকের উত্থান নিয়ে ড্যানি বয়েলের ‘ইঙ্ক’ সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। হলিউডের তারকার মধ্যে উপস্থিত থাকছেন রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেমের মতো শীর্ষ অভিনেতারা।
বাংলাদেশি দর্শকদের জন্য এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো, ইতিহাসের প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতামূলক অরিজোন্তি বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ্ বিনতে কামাল। আগামী ৬ সেপ্টেম্বর ভেনিসে অনুষ্ঠিত হবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।