মায়ের স্নেহের কাছে পানির ঢেউও যেন হয়ে ওঠে আনন্দের খেলা। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জলকেলিতে মেতে ওঠার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিগুলোতে ধরা পড়েছে মা-ছেলের মিষ্টি ও স্নেহমাখা সময়।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। সম্প্রতি ছেলেকে নিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে সুইমিং পুলের পানিতে কখনো ছেলেকে আগলে রাখতে, কখনো তার সঙ্গে হাসি খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। ছেলেকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তিনি।

একটি ছবিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসার মুহূর্তও ধরা পড়েছে। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু লিখেছেন, ‘লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়াভরা তোর মুখে মাশাআল্লাহ।’

অপুর ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে মা-ছেলের সুন্দর মুহূর্তগুলোর প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘দিদি ভাই, তোমাদের চমৎকার লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাদের দুইজনকে খুব সুন্দর লাগছে।’