দক্ষিণী তারকা ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত কানাড়া সিনেমা ‘টকসিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর সমালোচক ও দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়লেও সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন এতে অভিনয় করা ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট। চারপাশের নেতিবাচক বা পেইড রিভিউ দেখে বিভ্রান্ত না হয়ে দর্শকদের নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সিনেমার কিছু দৃশ্য ও ক্যাপশন শেয়ার করে বেনেডিক্ট লেখেন, "অন্যদের নেতিবাচক রিভিউ (তা আসল হোক বা পেইড) দেখে কোনো সিনেমা বিচার করার ভুল করবেন না। আপনার নিজস্ব চিন্তাভাবনা আছে, সেটি ব্যবহার করুন। মনে রাখবেন, এটি বয়স্কদের জন্য তৈরি একটি রূপকথা।" সিনেমাটিতে সহশিল্পী হিসেবে অভিনয় করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও জানান, সহিংসতার পাশাপাশি ছবিটিতে ট্রমা, সামাজিক বাস্তবতার অন্ধকার দিক এবং ক্ষমতার দ্বন্দ্ব যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
গীতু মোহনদাস পরিচালিত এবং ইয়াশ ও গীতু যৌথভাবে লিখিত এই অ্যাকশন থ্রিলারটিতে ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুকমিণি বসন্ত। গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর চিত্রনাট্য, অতিরিক্ত সহিংসতা ও সংলাপ নিয়ে সমালোচনা হলেও বিশ্বজুড়ে সিনেমাটি ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি রুপি গ্রস কালেকশন করতে সক্ষম হয়েছে।