প্রায় চার দশক পর আবারও রেসকারের চালকের আসনে ফিরছেন টম ক্রুজ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে কোল ট্রিকল চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে ক্রুজের বিপরীতে দেখা যাবে অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়েকে। ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন সিনেমাটি ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’-এ অবসর নেওয়া এক কিংবদন্তি রেসিং তারকার হাত ধরে নতুন একটি নাসকার দলে যোগ দিয়েছিলেন কোল ট্রিকল। দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে তাঁর লড়াই ছিল সিনেমাটির অন্যতম আকর্ষণ। নতুন কিস্তিতেও সেই চরিত্রেই ফিরছেন টম ক্রুজ।

সম্প্রতি অ্যান হ্যাথওয়ের সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর উদ্‌যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারমূলক ছবি প্রকাশ করেছেন টম ক্রুজ। ছবিতে তাঁকে ও হ্যাথওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।

নতুন সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, অ্যান হ্যাথওয়ে একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন। নতুন কিস্তির গল্পেও মোটর রেসিংয়ের জগতই থাকবে মূল কেন্দ্রবিন্দুতে।

সিনেমাটি পরিচালনা করবেন জনাথন লেভিন। প্রযোজনার দায়িত্বে থাকছেন টম ক্রুজ। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।

‘ডেজ অব থান্ডার’-এ ফিরে টম ক্রুজ তাঁর ক্যারিয়ারে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বলেই মনে করছেন অনেকে। দীর্ঘদিন ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ব্যস্ত থাকার পর এখন অন্য বড় প্রকল্পেও মনোযোগ দিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘টপ গান’ ফ্র্যাঞ্চাইজির আরেকটি নতুন কিস্তিও নিশ্চিত হয়েছে। পাশাপাশি আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ‘ডিগার’-এ অভিনয়ের মাধ্যমে ড্রামাধর্মী সিনেমাতেও ফিরছেন ক্রুজ।

অন্যদিকে, অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারেও ব্যস্ত সময় চলছে। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’সহ একাধিক সিনেমায় দেখা যাচ্ছে তাঁকে। বছরের শেষ দিকে মুক্তির কথা রয়েছে তাঁর আরেক সিনেমা ‘ভ্যারাইটি’-র।