দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই শেষে ফ্রান্সের আঙুরের খামার ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা নিয়ে বিরোধের মীমাংসা করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তাঁরা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছানোর কথা জানান। পরিবারের স্বার্থেই এই সমঝোতা করা হয়েছে বলে উল্লেখ করেন তাঁরা। এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান সাবেক এই দম্পতি।
২০২২ সালে ব্র্যাড পিট মামলা করেন। তাঁর অভিযোগ, যৌথ মালিকানাধীন শ্যাটো মিরাভাল খামারে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক অংশ কেনার বিষয়ে সমঝোতা ভেঙে জোলি তাঁর অংশ অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন।
পরে জোলির পাল্টা অভিযোগে ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি সামনে আসে। তবে ব্র্যাড পিট নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের শেষ দিকে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।