মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পেতে আর এক মাসেরও কম সময় বাকি রয়েছে। তবে অনেকেরই অজানা যে, মাত্র দুই বছর আগেও এই ছবির অস্তিত্ব ছিল না; মূল পরিকল্পনা অনুযায়ী পঞ্চম অ্যাভেঞ্জার্স সিনেমাটি হওয়ার কথা ছিল ‘অ্যাভেঞ্জার্স: ক্যাং ডায়নাস্টি’। জোনাথন মেজর্সের আইনি জটিলতা এবং এমসিইউর বক্স অফিস সাফল্যে ভাটার টান পড়ায় মার্ভেল শেষ পর্যন্ত ডক্টর ডুমকে কেন্দ্র করে গল্প সাজানোর সিদ্ধান্ত নেয়। অনেকের ধারণা ছিল, মেজর্সের বিতর্কিত প্রস্থানের পর এমসিইউকে নতুনভাবে দাঁড় করাতেই রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে আনা হয়েছে; কিন্তু মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফিজ জানিয়েছেন, ‘সিক্রেট ওয়ার্স’ পরিকল্পনার শুরু থেকেই ডক্টর ডুম তাঁদের ভাবনায় ছিলেন।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন ফিজ বলেন, ‘সিক্রেট ওয়ার্স’ কমিকসের যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা জানেন এই গল্পে ডুম কতটা গুরুত্বপূর্ণ। শুরু থেকেই তাঁদের ঝোঁক ছিল সিক্রেট ওয়ার্সের দিকে, আর ডক্টর ডুমকে না এনে সেটি করা সম্ভব নয় বলে ‘ক্যাং ডায়নাস্টি’র শুরুর দিকের গল্পেও তাঁকে যুক্ত করার আলোচনা ছিল। ফিজের ভাষ্য অনুযায়ী, সেই চলচ্চিত্র থেকেই ডুমের প্রসঙ্গ আসে এবং পরবর্তীতে গল্পের মোড় ঘোরার সঙ্গে সঙ্গে ডুমকে আরও বেশি প্রাধান্য দেওয়া হয়, যাতে সিক্রেট ওয়ার্সের কাহিনিতে তাঁর জায়গাটি যথাযথভাবে তৈরি করা যায়।
সাত বছর পর ডুমসডের মাধ্যমে এমসিইউতে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র তবে এবার আয়রন ম্যান হিসেবে নয়, বরং ডক্টর ডুম রূপে। একই সাক্ষাৎকারে ডাউনি স্বীকার করেছেন যে, টনি স্টার্কের ছায়া থেকে যথাসম্ভব দূরে সরে গিয়ে নতুন চরিত্রটির জন্য এমন কিছু ভিজ্যুয়াল বা দৃশ্যমান উপাদান খুঁজছিলেন তিনি, যার ওপর ভর করে চরিত্রটিকে দাঁড় করানো যায়। তবে ডুম কি স্টার্কেরই কোনো ভ্যারিয়েন্ট এমন প্রশ্নের জবাবে ছবির পরিচালক রুশো ব্রাদার্স শুধু বলেছেন, তা জানতে হলে দর্শককে সিনেমাটিই দেখতে হবে। বিশ্বব্যাপী আগামী ১৮ ডিসেম্বর এবং ভারতে একদিন আগে ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যা ইতোমধ্যেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ছে।