হলিউডের সেলিব্রিটি দুনিয়ায় বিচ্ছেদের পর যেখানে সাবেক দম্পতিদের মুখ দেখাদেখি বন্ধ থাকে, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রমী ও চমৎকার এক দৃষ্টান্ত স্থাপন করলেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
গত শনিবার সংগীত নির্বাহী জিওফ ওগুনলেসির সঙ্গে জেনিফার মেয়ারের বিয়ে সম্পন্ন হয়। আর এই পুরো আয়োজনে ‘অফিসিয়েট’ তথা পুরোহিতের ভূমিকা পালন করে বিয়েটি পড়ান স্বয়ং টোবি ম্যাগওয়ার। দুই পরিবারের প্রিয়জনদের পাশাপাশি এই জমকালো বিয়ের অনুষ্ঠানে হলিউডের একঝাঁক শীর্ষস্থানীয় তারকা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার রেচেল জো এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোস দম্পতি।
উল্লেখ্য, ২০০৩ সালে পরিচয়ের পর ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টোবি ও জেনিফার। দীর্ঘ এক দশক সংসার করার পর ২০১৭ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং গত ২১ সেপ্টেম্বর তাঁদের আনুষ্ঠানিক আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদ হলেও সন্তানদের অভিভাবকত্ব এবং গভীর বন্ধুত্ব বজায় রেখে সাবেক স্ত্রীর বিয়ে নিজ হাতে সম্পন্ন করার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ভীষণ প্রশংসা কুড়াচ্ছে।