শ্রীকান্ত ওডেলার পরিচালনায় নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর বক্স অফিসে ধীরে ধীরে গতি ফিরে পেয়েছে। বুধবার সন্ধ্যায় পেইড প্রিমিয়ারের পর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। শুরুতে সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও মাত্র তিন দিনেই নানির ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় উঠে এসেছে এটি।

‘দ্য প্যারাডাইস’-এর নির্মাতারা রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ১৩৬ কোটি রুপির বেশি আয় করেছে। নানিকে বন্দুক হাতে জাঙ্কইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করে এই বক্স অফিস সাফল্যের কথা জানায় সিনেমাটির টিম।

তবে ট্রেড সূত্রের হিসাব অনুযায়ী, তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১১৯.৫০ কোটি রুপি। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে তিন দিনে সিনেমাটি ৭৬.৪০ কোটি রুপি নেট আয় করেছে। শুক্রবার আয় ৫০ শতাংশের বেশি কমলেও শনিবার বক্স অফিস সংগ্রহে ২.৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। এরপর আয় মোটামুটি স্থিতিশীল রয়েছে।

এই আয়ের মাধ্যমে ‘দ্য প্যারাডাইস’ নানির আগের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’-কে ছাড়িয়ে গেছে। শৈলেশ কোলানু পরিচালিত ২০২৫ সালের সিনেমাটি বিশ্বব্যাপী ১১৯.৪৮ কোটি রুপি আয় করেছিল বলে ট্রেড তথ্য উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শ্রীকান্ত ওডেলার ২০২৩ সালের প্রথম সিনেমা ‘দাসারা’-র ১১৮.৫০ কোটি রুপির বিশ্বব্যাপী আয়ও ছাড়িয়ে গেছে ‘দ্য প্যারাডাইস’।

এদিকে সিনেমাটি ইতোমধ্যে ববি দেওলের ‘ডাকু মহারাজ’-এর বিশ্বব্যাপী ১২৬.১১ কোটি রুপির লাইফটাইম আয়ও অতিক্রম করেছে। পাশাপাশি ধানুশ, রাশমিকা মান্দানা ও নাগার্জুন অভিনীত ‘কুবের’-এর ১৩৮.১০ কোটি রুপির বিশ্বব্যাপী আয় ছাড়ানোর কাছাকাছি রয়েছে সিনেমাটি।

শ্রীকান্ত ওডেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি ও ঈশান সাকসেনা। শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বরা সিনেমাস ও আইভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটিতে নানির পাশাপাশি অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল।

১৯৮০-এর দশকের কাল্পনিক ‘প্যারাডাইস’ এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সেখানে ‘সাভারি’ নামের একটি জনগোষ্ঠী সরকারের কাছ থেকে নিজেদের আইনি স্বীকৃতি আদায়ের জন্য লড়াই করে। শুরুতে মায়ের আন্দোলনের বিরোধিতা করলেও একসময় সেই লড়াইয়ে যোগ দেয় নানির চরিত্র জাডাল।

মুক্তির পর সিনেমাটিকে ঘিরে ট্রল ও মিশ্র প্রতিক্রিয়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নানি। দর্শকদের ভালোবাসা ও সমালোচনা দুটোই তিনি দেখেছেন জানিয়ে অভিনেতা বলেন, সমালোচক ও রিভিউয়াররা যে ত্রুটিগুলো তুলে ধরেছেন, সেগুলো থেকেও তিনি শেখার চেষ্টা করেছেন।

বক্স অফিসে সাফল্যের পর সিনেমাটির টিমের সঙ্গে উদযাপনও করেছেন নানি। পাশাপাশি র‍্যাপিডোর চালকদের জন্য আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীতেও অংশ নেন অভিনেতা।