দক্ষিণী তারকা নানি এবং নির্দেশক শ্রীকান্ত ওদেলার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’-এর মুক্তির দিন ঘনিয়ে এলেও সিনেমাটির কোনো ট্রেইলার প্রকাশ করা হবে না বলে নিশ্চিত করেছেন প্রধান অভিনেতা নানি নিজেই। 'দসরা'র সাফল্যের পর এই জুটির দ্বিতীয় সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে থাকলেও ট্রেইলার না ছাড়ার পাশাপাশি সিনেমা নির্মাণে পরিচালকের সময় ব্যবস্থাপনার ঘাটতি নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানি জানান, সিনেমাটি দ্রুত শেষ করে মানসম্মতভাবে মুক্তি দেওয়ার জন্য পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। এই মুহূর্তে একটি মানসম্মত ও আকর্ষণীয় ট্রেইলার প্রস্তুত করতে গেলে পোস্ট-প্রোডাকশনের কাজ কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হতো, যা সিনেমার চূড়ান্ত মুক্তিতে ব্যাঘাত ঘটাত। ভক্তদের আশাহত না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্পষ্ট করেন, হাইপ ধরে রাখার জন্য দর্শকদের অবহেলা করা তাদের উদ্দেশ্য নয়, বরং সঠিক সময়ে নিখুঁত সিনেমা উপহার দিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীকান্ত ওদেলার সময় ব্যবস্থাপনার ভুলত্রুটি নিয়ে কথা বলতে গিয়ে নানি জানান, পরিচালক শ্রীকান্ত নিজেও নিজের এই ঘাটতি স্বীকার করেছেন এবং এস এস রাজামৌলির মতো সফল নির্মাতার কাছ থেকে সময় নিয়ন্ত্রণ ও সিনেমা পরিচালনার দক্ষতা শিখতে তাঁর সহকারী হিসেবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। উল্লেখ্য, একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পা রাখতে যাচ্ছে অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীতে নির্মিত এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি।