দক্ষিণী সুপারস্টার নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর বক্স অফিসে দারুণ চমক দেখালেও দ্বিতীয় দিনে আয়ে কিছুটা ভাটা পড়েছে। শ্রীকান্ত ওদেলা পরিচালিত এই অ্যাকশন ড্রামা সিনেমাটি বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর বিশ্বব্যাপী দুই দিনে প্রায় ৯৭ কোটি রুপি আয় করেছে। মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখোমুখি হলেও সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিসে কার্তিক সুব্বরাজের ‘রেট্রো’ এবং মনি রত্নমের বহুচর্চিত ‘ঠাগ লাইফ’-এর লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলে দিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসএলভি সিনেমা্স দাবি করেছে প্রথম দিনে বিশ্বব্যাপী ৮৮ কোটি এবং দুই দিনে মোট ১১৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে, উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী বক্স অফিস আয় ছিল প্রায় ৭৬ কোটি রুপি এবং দ্বিতীয় দিন শেষে তা দাঁড়ায় ৯৭.৫০ কোটি রুপিতে। ভারতে প্রথম দিনে সিনেমাটি নেট ৩৪.৬৫ কোটি রুপি আয় করে নানির ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছিল। তবে দ্বিতীয় দিনে ভারতে এর আয় ৫৭ শতাংশ কমে ১৪.৯০ কোটি রুপিতে নেমে এসেছে।
১৯৮০-র দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় ‘সাওয়ারি’ নামক একটি উপজাতির আইনি স্বীকৃতি ও সামন্তপ্রভুদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে নানি ছাড়া আরও অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালী কুলকার্নি ও রাঘব জুয়াল। ট্রোলিং ও মিশ্র পর্যালোচনার মুখোমুখি হওয়া সত্ত্বেও সপ্তাহান্তে এবং ছুটির দিনগুলোতে সিনেমাটির আয় ১০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে আরও বড় অঙ্কে পৌঁছাবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।