ক্রিস্টোফার নোলানের পরবর্তী মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ (The Odyssey) বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ছবিটির অফিশিয়াল থিয়েটার রিলিজের আগেই ভারতের বক্স অফিসে এটি এক অভাবনীয় রেকর্ড গড়েছে। ইতোমধ্যেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি বা প্রি-সেলস টিকিট থেকে বিপুল অঙ্কের আয় জমা হয়েছে ঝুলিতে।
আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া ‘দ্য ওডিসি’ সিনেমাটি ভারতের বাজারে প্রি-সেলস থেকেই প্রায় ১৫ কোটি রুপি (গ্রস) আয় করে নিয়েছে। যার মধ্যে শুধুমাত্র প্রথম দিনের (শুক্রবার) টিকিট বিক্রি থেকেই জমা হয়েছে প্রায় ৫.৭৫ কোটি রুপি (নেট ৪.৭৫ কোটি রুপি)।
ট্রেড অ্যানালিস্টদের মতে, অ্যাডভান্স বুকিংয়ের এই জোয়ার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘ওপেনহাইমার’ (Oppenheimer)-এর সমতুল্য। তবে আয়ের অঙ্ক কাছাকাছি হলেও টিকিট বিক্রির সংখ্যায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। উদাহরণস্বরূপ, ‘পিভিআর-আইনক্স’ (PVRINOX) মাল্টিপ্লেক্স চেইনে ‘ওপেনহাইমার’ মুক্তির ঠিক এই সময়ে যেখানে ৯২ হাজার টিকিট বিক্রি করেছিল, সেখানে ‘দ্য ওডিসি’ বিক্রি করেছে ৪৮ হাজার টিকিট। টিকিট বিক্রি অর্ধেক হওয়া সত্ত্বেও আয়ের গ্রস কালেকশন প্রায় সমান হওয়ার কারণ হলো টিকিটের চড়া মূল্য। ভারতে এই সিনেমার প্রিমিয়াম ফরম্যাট বিশেষ করে আইম্যাক্স (IMAX) টিকিটের গড় মূল্য ধরা হয়েছে প্রায় ৭৫০ রুপি, যা ওপেনহাইমারের চেয়ে প্রায় দ্বিগুণ।
আইম্যাক্স প্রযুক্তির বড় ভক্ত ও পৃষ্ঠপোষক নোলানের এই সিনেমাটি সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুটিং করা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ম্যাট ডেমন ও টম হল্যান্ড অভিনীত গ্রিক ট্র্যাজেডি ও পৌরাণিক পটভূমির এই অ্যাকশন-মহাকাব্যটি প্রথম দিনে ভারতের বক্স অফিসে প্রায় ২০ কোটি রুপির গ্রস কালেকশন দিয়ে খাতা খুলতে পারে বলে আশা করা হচ্ছে।