মার্কিন পপ সংগীতের অন্যতম সফল তারকা টেইলর সুইফট আবারও সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি একসঙ্গে সাতটি পুরস্কার জিতে নেন, যার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা শিল্পী’ সম্মাননাও রয়েছে।

২০২৬ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী স্কেটার অ্যালিসা লিউ তার হাতে এই সম্মাননা তুলে দেন। পুরস্কার গ্রহণের পর ৩৬ বছর বয়সী এই শিল্পী তার দীর্ঘ সংগীতজীবন, সৃজনশীলতার পথচলা এবং নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে এক হৃদয়ছোঁয়া ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

নিজের শুরুর দিনের কথা স্মরণ করে টেইলর বলেন, গান লেখা শুরুতে ছিল নিছক একটি শখ। স্কুল শেষে দ্রুত বাড়ি ফিরে গিটার হাতে বসে গান লেখা ছিল তার নিত্যদিনের অভ্যাস। তিনি জানান, মাত্র ১২ বছর বয়সে অসংখ্য ঘণ্টা ব্যয় করেছেন নিজের দক্ষতা গড়ে তুলতে সেই সময় ভুল করার স্বাধীনতা এবং নিজে নিজে শেখার সুযোগই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

বর্তমান প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনকার ডিজিটাল যুগে যেকোনো কাজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেক সময় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। তাই নিজের আগ্রহ ও ভালোবাসার জায়গাগুলোকে সময় দিয়ে লালন করা জরুরি। তার ভাষায়, “আপনি আপনার মনে যা প্রবেশ করাবেন, সেটাই আপনার ভেতরে গড়ে উঠবে। কিন্তু ইন্টারনেটে যা ছড়িয়ে দেন, তা অনেক সময় আপনার স্বপ্নকে দমিয়ে দিতে পারে।”

সবশেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ১৪ বার গ্র্যামি জয়ী এই তারকা বলেন, তাদের নিরন্তর সমর্থনই তার শখকে সফল ক্যারিয়ার এবং বাস্তব স্বপ্নে পরিণত করতে সহায়তা করেছে ।