এআইয়ের মাধ্যমে কণ্ঠ নকল করে তৈরি একটি গানে নিজের কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের ওই অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন এই তরুণ গায়ক।

তাসরিফের অভিযোগ, তাঁর কোনো ধরনের অনুমতি ছাড়াই ভিডিওটিতে কণ্ঠ ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। তাঁকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এটি করা হয়েছে বলেও দাবি তাঁর।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ জানান, ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি বলে তিনি প্রায় নিশ্চিত। এ ঘটনায় শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও জানিয়েছেন তিনি।

তাসরিফ খান বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত, গানটি এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতেই পারে না।’ তাঁর দাবি, কনসার্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে ওই অডিও-ভিজ্যুয়াল তৈরি করা হয়েছে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তাসরিফের ধারণা, ভিডিওটি নিছক বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির বিষয় থাকতে পারে। এমনকি এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি।

তাঁর দাবি, ভিডিওতে সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তাঁর ছবি ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সরকার ও তাঁকে একই বিতর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

তাসরিফের ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে যেমন সরকারকে হেয় করা হচ্ছে, একইসঙ্গে আমার ছবি-ভিডিও ব্যবহার করে এর সঙ্গে আমাকেও জড়ানো হচ্ছে।’

প্রথম দিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখেন বলে জানান তাসরিফ। এরপরই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভিডিওটি সরাতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার ওপর নির্ভর করতে চেয়েছিলেন তাসরিফ। তবে অনেকগুলো পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় সেই প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। তাঁর মতে, ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

এ কারণে জিডি করার পাশাপাশি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছেন তাসরিফ খান। অনুমতি ছাড়া কণ্ঠ, ছবি ও ভিডিও ব্যবহার করে এআই-নির্মিত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন এই ঘটনাও সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।