প্রায় দুই দশকের অভিনয়জীবনে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তামান্না ভাটিয়া। যদিও তাঁর অভিষেক হয়েছিল হিন্দি চলচ্চিত্রে, তবে জনপ্রিয়তা ও সাফল্যের ভিত্তি গড়ে ওঠে তেলুগু সিনেমার মাধ্যমে। দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনেত্রী।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারীদের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা তাঁর কাছে পুরোপুরি ইতিবাচক মনে হয়নি। তাঁর ভাষায়, ইন্ডাস্ট্রিটি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’।

তামান্না বলেন, ‘হিন্দি চলচ্চিত্র শিল্পে সাধারণত দুই ধরনের শিল্পী দেখা যায়। কেউ অভিনয়নির্ভর চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ গ্ল্যামার, গান ও নাচনির্ভর চরিত্রেও সমান দক্ষ। বলিউড এই দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই সফলভাবে করতে পারেন, তারাই অনেক সময় সুপারস্টার হয়ে ওঠেন।’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি বলেন, ‘সেখানে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি কাজ করে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি সব সময় খুব ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি ওখানকার সংগীতনির্ভর বিনোদনধর্মী ধারাটিকে বুঝতে পেরেছিলাম। সেখানে তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ।’

তবে নিজের বক্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করে তামান্না বলেন, অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তাঁর মতে, যেসব অভিনেত্রী দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পেরেছেন, তাঁরা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি বাণিজ্যিক ও নাচ-গানভিত্তিক ছবিতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন।

বর্তমানে তামান্না ভাটিয়া অপেক্ষা করছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।