অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে লাইভে এসে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুটিং সেটের অনভিপ্রেত ঘটনা থেকে শুরু করে সালিশ বৈঠক এবং নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোনো ভুল করেননি এবং সত্য একদিন সবার সামনে আসবে।
লাইভে এসে তানজিন তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে ঠিক কী ঘটেছিল তা উপস্থিত সবাই দেখেছেন। কে আগে আক্রমণ করেছে এবং কে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে, তা ফুটেজ দেখলেই পরিষ্কার বোঝা যাবে। অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভিডিও বার্তা বা বিবৃতি দেওয়ার কথা থাকলেও তা কেন হয়ে ওঠেনি, সে বিষয়েও কথা বলেন তিনি। বিগত এক বছরের বিভিন্ন বিতর্ক ও ‘শাড়ি-কাণ্ড’-এর প্রসঙ্গ টেনে তিশা দৃঢ় কণ্ঠে বলেন, গত আট মাস ধরে যত বাধাই আসুক না কেন, তিনি জানেন যে তিনি সঠিক পথে আছেন এবং সব সত্য একদিন উন্মোচিত হবে।