গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে অভিনেতা আন্নু কাপুরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও বিষয়টি নিয়ে ভাবতে চান না তামান্না ভাটিয়া। বরং নিজের অভিনয়জীবন ও নতুন কাজেই মনোযোগ রাখতে চান এই অভিনেত্রী। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একজন সৃজনশীল মানুষের জন্য কোন সমালোচনা গ্রহণ করতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা বোঝা জরুরি। এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দিলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে বলেও মনে করেন তিনি।
এর আগে ইউটিউবার শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে তামান্নার ‘আজ কি রাত’ গানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর গায়ের রং ও শারীরিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছিলেন আন্নু কাপুর। তাঁর বক্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলে আখ্যা দেন। তবে এসব বিতর্ক এড়িয়ে নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখেন বলে জানিয়েছেন তামান্না।
এদিকে তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। সামনে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে অভিনয় করছেন জুনায়েদ খানও। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।