ট্রলকারীদের কঠোর জবাব না দিয়েও কীভাবে তাদের থামিয়ে দেওয়া যায়, সেই কৌশল নিয়ে কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় নেতিবাচক মন্তব্য সামলানোর সহজ উপায় বা ‘রেমিডি’ শেয়ার করেন তিনি।

স্বস্তিকা বলেন, ‘আমি শুধু তোমাদের একটা টিপসই দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন তারা আসলে আমাদের প্রতিক্রিয়া বা রিয়্যাকশন দেখতে চায়।’

অভিনেত্রীর মতে, ট্রলকারীরা সাধারণত চান, তাদের মন্তব্যে কেউ ক্ষুব্ধ হয়ে আত্মপক্ষ সমর্থনে নেমে পড়ুক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু আমার মনে হয়, এসব কথা বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজনই নেই।’

নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার উপায় হিসেবে স্বস্তিকা বরং উল্টো কৌশলের কথা বলেন। তার ভাষায়, কেউ কটু কথা বললে সেই মন্তব্যের সঙ্গে সরাসরি একমত হয়ে যাওয়া যেতে পারে। এতে বিপরীত দিকের ব্যক্তির আর নতুন করে কিছু বলার সুযোগ থাকে না বলেই মনে করেন অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, ‘আপনি যদি তাদের মন্তব্যের সঙ্গে একমত হয়ে যান, তবে উল্টো দিকের মানুষটার আর নতুন করে কিছু বলার থাকে না। সেখানেই সব কথার সমাপ্তি ঘটে।’

সবশেষে তিনি নিজের কৌশলটি আরও সহজ করে বোঝান। তার কথায়, ‘তাই কেউ কটু কথা বললে আপনি বলবেন হ্যাঁ, আমি সেটাই! ব্যাস, তাহলেই সমস্যার সমাধান।’