মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার সেই কটাক্ষের শব্দকেই নিজের প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করলেন তিনি। ‘মোটি’ লেখা ব্লাউজ পরে প্রকাশ্যে এসে শরীর নিয়ে মন্তব্যকারীদের জবাব দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বরা জানান, মা হওয়ার পর গত তিন বছর ধরে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁর শরীর নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে।
অভিনেত্রী জানান, তাঁকে ‘মোটা’, ‘মহিষ’, ‘গরু’, ‘হিপ্পো’ ও ‘হাতি’ বলে কটাক্ষ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মন্তব্য শুনলেও এখন আর সেগুলোকে নেতিবাচকভাবে নেওয়ার বদলে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্বরা বলেন, ‘আমি সবই হয়ে গেছি। এখন আপনাদের এসব শব্দ গ্রহণ করে নিজের করে নিচ্ছি।’
অভিনেত্রী আরও জানান, তাঁর মেয়ের বয়স এখন তিন বছর। মেয়ের জন্মের পর থেকেই অপরিচিত মানুষের কাছ থেকে শরীর নিয়ে নানা ধরনের ট্রলের মুখোমুখি হয়েছেন তিনি। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতার কথাই এবার প্রকাশ্যে তুলে ধরেছেন স্বরা।
সন্তান জন্মের পর নারীর শরীরে বিভিন্ন স্বাভাবিক পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা কটাক্ষের ঘটনা নিয়ে এর আগেও একাধিক তারকা কথা বলেছেন। স্বরার ক্ষেত্রেও মা হওয়ার পর শরীর নিয়ে করা মন্তব্য বারবার আলোচনায় এসেছে।
এবার সেই কটাক্ষের একটি শব্দকেই নিজের পোশাকের অংশ করেছেন স্বরা। হিন্দি ভাষায় ‘মোটি’ শব্দের অর্থ ‘মোটা’। যে শব্দটি তাঁকে হেয় করতে ব্যবহার করা হয়েছিল, সেটিকেই নিজের প্রতিবাদের বার্তা হিসেবে তুলে ধরেছেন অভিনেত্রী।