দাম্পত্য জীবনের দুই দশক পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সূরিয়া ও জ্যোতিকা। এবার ২০ বছরের পথচলাকে আরও বিশেষ করে তুলতে আবারও বিয়ের আসরে বসেছেন তারা। খ্রিস্টান রীতিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন করে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন এই তারকা দম্পতি।

বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব, পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা। ছিলেন সূরিয়ার ভাই ও অভিনেতা কার্থিও।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জ্যোতিকা। সেখানে দেখা যায়, ছেলে দেবের হাত ধরে বিয়ের মঞ্চে আসছেন তিনি। অন্যদিকে সূরিয়ার পাশে ছিলেন মেয়ে দিয়া। এরপর একে অপরের দিকে তাকিয়ে নতুন করে শপথ নেন তারা। আবেগঘন সেই মুহূর্তে দুজনকেই চোখের জল সামলাতে দেখা যায়। সাদা পোশাকে বর-কনের সাজে ধরা দেন এই দম্পতি।

ভিডিওটি শেয়ার করে জ্যোতিকা জানান, ২০ বছরের সম্পর্কের ভালো-মন্দ, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকেই উদযাপন করতে চেয়েছেন তারা। তাঁর ভাষায়, এই আয়োজন কোনো নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়; বরং সম্পর্কের অসম্পূর্ণতা মেনে নিয়ে একে অপরকে বোঝা ও ভালোবাসার উদযাপন।

নতুন অধ্যায়ে নিজের কিছু অঙ্গীকারের কথাও জানিয়েছেন জ্যোতিকা। জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে চান এবং আনন্দের সঙ্গে জীবন উদযাপন করতে চান তিনি। পাশাপাশি অভিযোগ না করারও শপথ নিতে চান অভিনেত্রী। তাঁর মতে, পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণ নয়; জীবনের ফাঁকফোকরগুলো কীভাবে পূরণ করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।

স্বামী ও সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জ্যোতিকা। প্রতিদিন এমন একজন মানুষের পাশে ঘুম থেকে ওঠেন, যিনি তাকে আগলে রাখেন ও সম্মান করেন এটিকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেন তিনি। সন্তানরা তাঁর জীবনে নতুন অর্থ ও বেঁচে থাকার নতুন কারণ এনে দিয়েছে বলেও জানান অভিনেত্রী।