বাংলাদেশের বিনোদন জগতে গল্পের ধরনে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান সময়ের দর্শকদের ব্যস্ততা এবং স্মার্টফোন ব্যবহারের অভ্যাসের সাথে তাল মিলিয়ে মুক্তি পেতে যাচ্ছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে সিরিজটির বর্ণাঢ্য ‘ভার্টিক্যাল স্ক্রিনিং’ ও ট্রেলার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মিরাজ হোসেনের পরিচালনায় এই সিরিজটি আগামী ১৪ মে ‘সিনেমাওয়ালা’-র ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
১৫ পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক মাদ্রাসা পড়ুয়া তরুণীর গেমিংয়ের প্রতি গোপন ভালোবাসা এবং ইউটিউবে লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে নিজের পরিচয় গড়ার এক অনবদ্য কাহিনী এখানে ফুটে উঠেছে। মায়ের সমর্থনে শুরু হওয়া এই যাত্রা যখন বাবার সামনে আসে, তখন শুরু হয় পারিবারিক টানাপোড়েন। নাম ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তাঁর পাশাপাশি সিরিজে রয়েছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি, কামরুজ্জামান তপু এবং বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই-কে।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া স্টুডিওস’-এর পক্ষ থেকে প্রযোজক নাজিম ফারহান চৌধুরী ও ক্রিয়েটর পুলক অনিল একে ‘ভার্টিক্যাল স্টোরিটেলিং’-এর সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, নাটক ও সিনেমা এখন বড় পর্দা থেকে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে, তাই সময়ের চাহিদাই বদলে দিচ্ছে নির্মাণের ধরণ। সাদিয়া আয়মান নিজেও এমন নতুন ধারার সিরিজে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাহসিকতা, আবেগ আর নতুন ভাবনার মিশেলে ‘সিলভার সাদিয়া’ দেশের ওটিটি ও সোশ্যাল মিডিয়া কন্টেন্টের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।