সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, শিল্পীদের সম্মান নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা তিনি মেনে নিতে পারেন না। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা, এক শ্রেণির মানুষের কাছে সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠছেন।
সহকর্মী মিমি চক্রবর্তীর অপদস্থ হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, গত কিছুদিন ধরে একটি উদ্বেগজনক বিষয় চোখে পড়ছে। সেলিব্রেটিদের, বিশেষ করে নারী শিল্পীদের প্রতি আচরণ ক্রমেই অবমাননাকর হয়ে উঠছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের আচরণ কি সমাজ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, নাকি আমরা ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।
শুভশ্রীর ভাষায়, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিল্পী সম্মানের জন্য কাজ করেন। পারিশ্রমিক নেওয়া মানেই সম্মান বিসর্জন দেওয়া নয়। যারা পারিশ্রমিক দেন, তারা শিল্পীর ব্যক্তিত্ব বা মর্যাদার মালিক হয়ে যান না।
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যকারীদের উদ্দেশে শুভশ্রী আরও বলেন, এই সমাজ শুধু শিল্পীদের নয়, মন্তব্যকারীদেরও। সমাজকে সুস্থ ও সম্মানজনক রাখার দায়িত্ব সবার। তাই কিছু বলার বা লেখার আগে ভেবেচিন্তে করা উচিত।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার অভিযোগে তনয় শাস্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বনগাঁর ওই অনুষ্ঠানে মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যেই মিমিকে নামিয়ে দেওয়ার ঘটনায় এখনো টালিপাড়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।