বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে বড় পরিবর্তনের আভাস মিলছে। ‘স্ত্রী ২’এর ব্যাপক সাফল্যের পর তাঁর জনপ্রিয়তার পাশাপাশি পারিশ্রমিকও বেড়েছে বলে আলোচনা শুরু হয়েছে। আসন্ন সিনেমা ‘ইথা’র জন্য নাকি প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইথা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খবরটি সত্যি হলে, এটি শ্রদ্ধার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেকে। এবার ‘ইথা’য় তাঁকে দেখা যাবে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে। ফলে সিনেমাটি শুধু পারিশ্রমিকের দিক থেকেই নয়, অভিনয়ের ক্ষেত্রেও তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ইথা’ নির্মিত হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে। সিনেমাটিতে শ্রদ্ধাকে তাঁর চেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে। চরিত্রটির জন্য তাঁকে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে হয়েছে বলেও জানা গেছে।
ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রদ্ধার নতুন লুক, অভিব্যক্তি ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এর মাধ্যমে অভিনেত্রীকে সম্পূর্ণ নতুন অবতারে দেখার সুযোগ পাবেন দর্শকরা। তাই ‘ইথা’কে শ্রদ্ধার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবেও দেখা হচ্ছে।
সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর ‘ইথা’ শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাওয়ার খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই বিষয়টি আপাতত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।