শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ঈথা’র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ভিথাবাই নারায়ণগাঁওকর চরিত্রে শ্রদ্ধাকে দেখা যাবে এই সিনেমায়। ছবিটি আগে ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস নতুন মুক্তির তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
নতুন মুক্তির তারিখ জানিয়ে ম্যাডক ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ঝড়ের জন্য প্রস্তুত থাকুন... কারণ ৪ ডিসেম্বর ঈথা আসছে!’ মুক্তির তারিখ পরিবর্তনের ফলে যশ অভিনীত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এর সঙ্গে একই দিনে মুক্তির সম্ভাব্য সংঘর্ষ থেকেও সরে গেল ‘ঈথা’।
জুনে প্রকাশিত হয়েছিল ‘ঈথা’র টিজার। প্রকাশের পর থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। টিজারের শুরুতে দেখা যায়, একদল লাবণী শিল্পী মঞ্চে পরিবেশনা করছেন। কিন্তু কিছুক্ষণ পর ক্ষুব্ধ দর্শক তাঁদের থামিয়ে ঈথাকে মঞ্চে আনার দাবি জানায়।
এরপর টিজারে দেখা যায় নয় মাসের অন্তঃসত্ত্বা ঈথা মঞ্চের পেছনে নিজের পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ শুরু হয় তাঁর প্রসববেদনা। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেও অনুষ্ঠান বাতিল করতে রাজি হন না তিনি। বরং সন্তান জন্ম দেওয়ার পরপরই আবার মঞ্চে ফিরে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। এই দৃশ্যের মধ্য দিয়েই চরিত্রটির দৃঢ়তা ও শিল্পের প্রতি তাঁর গভীর নিষ্ঠার ইঙ্গিত পাওয়া যায়।
টিজারের পরের অংশে উঠে আসে ইন্ডাস্ট্রিতে ঈথার প্রভাব এবং দর্শকদের ওপর তাঁর অসাধারণ নিয়ন্ত্রণের চিত্র। উচ্ছ্বসিত জনতার মধ্য দিয়ে তাঁকে এগিয়ে যেতে দেখা যায়। শেষদিকে একটি কণ্ঠস্বর ঈথাকে ‘ঝড়’ হিসেবে বর্ণনা করে। ‘ককটেল ২’ সিনেমার প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহেও ‘ঈথা’র টিজার দেখানো হয়েছিল।
‘ঈথা’র গল্প গড়ে উঠেছে মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী ভিথাবাই নারায়ণগাঁওকরের জীবনকে কেন্দ্র করে। সাধারণ জীবন থেকে উঠে এসে তিনি মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় লোকনাট্য শিল্পীতে পরিণত হন। শিল্পী হিসেবে নিজের প্রতিভা ও মঞ্চ উপস্থিতির মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
খ্যাতির পাশাপাশি ভিথাবাইয়ের জীবনেও ছিল নানা সংগ্রাম। রাজ্যজুড়ে জনপ্রিয়তা পেলেও জীবনের শেষদিকে তাঁকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল বলে জানা যায়। তবে লাবণী ও তামাশার প্রতি তাঁর ভালোবাসা পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে পড়ে। তাঁর মেয়েরা ও জামাতারাও পরবর্তীতে এই লোকশিল্পের সঙ্গে যুক্ত হন।
ভারতীয় লোকশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ভিথাবাই নারায়ণগাঁওকর রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছিলেন। তাঁর জীবন, সংগ্রাম এবং শিল্পের প্রতি অঙ্গীকারই এবার বড় পর্দায় তুলে ধরবেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুডা, অনন্ত যোশীসহ আরও অনেকে। দিনেশ ভিজানের ম্যাডক ফিল্মস সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে।