জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. জন ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল পরিচিতি পাওয়া কিংবদন্তি অভিনেতা ডেভিড বার্ক আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত ১০ মে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার তাঁর প্রতিনিধিত্বকারী সংস্থা ‘স্কট মার্শাল পার্টনার্স’ মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও পরিবারের পক্ষ থেকে এখনো তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক অভিনয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন লন্ডনের বিখ্যাত ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ‘রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট’ (RADA) থেকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মঞ্চ ও টেলিভিশন, উভয় মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন। যুক্তরাজ্যের জাতীয় নাট্যশালার মঞ্চে বিখ্যাত ‘কিং লিয়ার’ নাটকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন অস্কার মনোনীত অভিনেতা ইয়ান হলম।

আশির দশকে অভিনেতা জেরেমি ব্রেটের সঙ্গে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান ডেভিড। তবে পরবর্তী মৌসুমে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন এডওয়ার্ড হার্ডউইক। জানা যায়, শুটিংয়ের ব্যস্ততার কারণে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হতো বলে তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। স্ত্রী ও সন্তানের কাছ থেকে দূরে থেকে কাজ করার এই অপরাধবোধ থেকেই তিনি সিরিজের দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

শার্লক হোমস ছাড়াও এই ব্রিটিশ অভিনেতা ‘মিডসোমার মার্ডার্স’, ‘রেইলি, এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’সহ একাধিক কালজয়ী প্রযোজনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

বাবার পথ অনুসরণ করে অভিনয়ে এসেছেন তাঁর ছেলে টম বার্কও, যিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’ সিরিজে অভিনয় করে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন। মৃত্যুকালে ডেভিড বার্ক স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং পুত্র টম বার্কসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।