প্রায় দুই দশক পর আবারও মিশরে পারফর্ম করতে যাচ্ছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর দেশটির ঐতিহাসিক গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে তার বিশেষ কনসার্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করার পর এবারই প্রথম মিশরে ফিরছেন এই গায়িকা।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী গিজার পিরামিডে আয়োজিত এই কনসার্টের আয়োজন করছে ভেঞ্চার লাইফস্টাইল। প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মানের কনসার্ট আয়োজনের জন্য পরিচিত। এর আগে তারা জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের অনুষ্ঠান আয়োজন করেছে।

শাকিরার সাম্প্রতিক স্প্যানিশ ভাষার অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ প্রকাশের পর বিশ্বব্যাপী যে পারফরম্যান্স সিরিজ চলছে, তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হবে মিশরের এই কনসার্ট। অ্যালবামের শিরোনামের বাংলা অর্থ ‘নারীরা আর কাঁদে না’।

তিন দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে শাকিরা বিশ্বব্যাপী ৯ কোটি ৫০ লাখের বেশি রেকর্ড বিক্রি করেছেন। পাশাপাশি তিনি একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন। লাতিন সংগীতকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্বীকৃত।

সম্প্রতি প্রকাশিত শাকিরার নতুন গান ‘দাই দাই’ও আলোচনায় রয়েছে। গানটি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে।

মিশরে কনসার্ট প্রসঙ্গে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডের সামনে পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।’ তার এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।