ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের ধারাবাহিকতায় এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ। তবে শাকিরার বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তার ভাষ্য অনুযায়ী, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের এপ্রিলে ঢাকায় মঞ্চ মাতাতে পারেন শাকিরা।
তবে এ বিষয়ে এখনো শিল্পী কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের দাম ও বিক্রির সময়সূচি সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। ফলে আপাতত শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
বিশ্বসংগীতের পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ঢাকায় তার কনসার্ট আয়োজন করা সম্ভব হলে তা দেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে।
এদিকে শুক্রবার ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক নাঈম আশরাফ।