লম্বা চুল, মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস। হাতে বিশাল বন্দুক, সেখান থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর মাত্র ১৭ সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশের পরই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিতে শাকিবের এই রুক্ষ ও মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের উন্মাদিত করলেও সবার কৌতূহলের কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ঠিক কোন চরিত্রে দেখা যাবে?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়েছে, ‘প্রিন্স’ ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। শাকিব-জ্যোতির্ময়ী জুটির রসায়ন পর্দায় তুলে ধরতেই টানা ১০ দিন ধরে শ্রীলঙ্কায় চলছে শুটিং।
এই পর্বে মূলত জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। সিনেমাটির চিত্রগ্রহণ করছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। তবে শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যেও জ্যোতির্ময়ীকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
এ ছবিতে শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ীর পাশাপাশি থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুই নায়িকাকে ঘিরে শাকিবের ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে।
শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিব খান নিজের স্টারডম কখনোই জাহির করেন না। কাজের সময় তিনি মাটির কাছাকাছি থাকেন এবং সহশিল্পীদের প্রতি ভীষণ সহযোগিতাপরায়ণ।
বর্তমানে সিনেমার পুরো ইউনিট শ্রীলঙ্কায় অবস্থান করছে। এখনও প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহ এবং লোকেশন বাস্তবভাবে ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।