শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খানের অভিনয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, নাসির উদ্দিন খানকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে, তবে এখনো তার কাস্টিং চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে প্রযোজক বলেন, কাস্টিং নিয়ে প্রাথমিকভাবে অনেক শিল্পীর কথাই ভাবা হয়। গল্পের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করা হবে এবং শুটিংয়ের সময়ই চূড়ান্ত শিল্পীদের তালিকা জানানো হবে।

এর আগে সিনেমাটির শুটিং নভেম্বরে শুরু হওয়ার কথা শোনা গেলেও, প্রযোজক জানিয়েছেন অক্টোবরের শেষ দিকে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সিনেমাটির নাম আপাতত ‘নিঃস্ব’ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এর আগে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। ‘নিঃস্ব’-এর পরিকল্পনা চূড়ান্তভাবে এগিয়ে গেলে দ্বিতীয়বারের মতো একই সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই দুই অভিনেতাকে।