‘বরবাদ’-এর সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমাকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কারা অভিনয় করছেন, তা নিয়েও চলছে জল্পনা।

গুঞ্জন উঠেছে, আসন্ন ‘নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি।

প্রযোজক জানিয়েছেন, কাস্টিং নিয়ে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা থাকলেও শুটিং শুরুর আগে কোনো শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে না। গল্পের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করা হচ্ছে বলেও জানান তিনি।

শাহরিন আক্তার সুমি বলেন, ‘এখনো কোনো কিছু কনফার্ম হয়নি। আমরা তো ভাবনার জায়গা থেকে কাস্টিং নিয়ে অনেক কিছুই ভাবি। এখন পর্যন্ত কনফার্ম না। গল্পের প্রয়োজনে আমাদের কাস্টিং রাখা হয়। চূড়ান্ত শিল্পীর তালিকা শুটিংয়ের সময় জানাব।’

প্রাথমিকভাবে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও প্রযোজক জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, অ্যাকশন রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। ফলে ‘নিঃস্ব’ সিনেমায় নাসির উদ্দিনের যুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলে ফের একই সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই দুই অভিনেতাকে।