পর্দায় তিনি ‘বাদশাহ’। তবে পর্দার বাইরেও শাহরুখ খানের সাক্ষাৎকার বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্য ভক্তদের দারুণ বিনোদন জোগায়। তাঁর রসবোধ আর বুদ্ধিদীপ্ত উত্তরের জুড়ি মেলা ভার। সম্প্রতি ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা আবারও প্রমাণ করলেন, তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি কতটা অনন্য। সেখানে এক নারী ভক্তের মন্তব্য এবং তার জবাবে শাহরুখের দেওয়া প্রতিক্রিয়া মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ম্যাঙ্গালুরুতে একটি রিয়াল এস্টেট প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে নিজের জনপ্রিয় কয়েকটি গানে পারফর্ম করার পাশাপাশি উপস্থিত দর্শকদের সঙ্গেও মেতে ওঠেন আড্ডায়। অনুষ্ঠানের একপর্যায়ে এক নারী ভক্ত শাহরুখকে উদ্দেশ করে চিৎকার করে বলে ওঠেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি!’
এমন মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন শাহরুখ। এরপর স্বভাবসুলভ রসিকতা করে জবাবে বলেন, ‘আরে, এসব কথা তো আমাকে একান্তে বললেই পারতেন!’ প্রিয় তারকার এমন চটজলদি ও মজাদার উত্তরে পুরো মিলনায়তনে হাসির রোল পড়ে যায়।
রসিকতার পর্ব শেষ করে অবশ্য পরক্ষণেই বেশ গম্ভীর ও সংযত হয়ে যান বলিউড বাদশা। ভক্তের এই গভীর অনুভূতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি, এটা আপনার ভালোবাসা প্রকাশের একটি ধরণ মাত্র। আপনার অনুভূতি আমি খুব ভালো করেই বুঝতে পারছি, আর আমি নিশ্চিত যে আপনার স্বামীও বিষয়টি ইতিবাচকভাবেই নেবেন। আমি আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসি। আপনার স্বামীসহ আপনার পুরো পরিবারকে আমার ভালোবাসা ও অনেক ধন্যবাদ।’ পরিস্থিতি সামাল দেওয়ার এই দক্ষতা ও সুন্দর বক্তব্য দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
কাজের ক্ষেত্রে বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং নিয়ে। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বহু প্রতীক্ষিত সিনেমাটি চলতি বছরের বড় দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।